হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৪ জনই ঢাকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও পরীক্ষায় নিশ্চিত হওয়া সংক্রমণ মিলিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৮৭ শিশু।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ২২১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে আরও ৬৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

নতুন করে মারা যাওয়া সাত শিশুর মধ্যে চারজন ঢাকার বাসিন্দা। এছাড়া একজন করে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বাসিন্দা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫২৯ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯১ শিশুর। ফলে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২০ জনে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ হাজার ৮৪ শিশু।

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970