হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৩৯
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:৫৭ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ১ জনের মৃত্যু নিশ্চিত হামে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জন আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত দেড় মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭০ জনের এবং উপসর্গে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ১৯২ জনের এবং আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৮১ জন।