‘দরজা খোলা রাখবেন, না হলে জিন্দা খালাস’- খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:১৬ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গরুর খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে ডাকাতি ও হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে ঘরের দরজা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ‘জিন্দা খালাস’ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার রাতে এ ঘটনায় স্থানীয় খামারি মো. আমজাদ হোসেন শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের দাবি, গত চার থেকে পাঁচ দিনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫টি বাড়িতে একই ধরনের চিঠি পৌঁছেছে।
খামারি হাজী রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন, আজাদুল ইসলাম ও সানোয়ার হোসেন জানান, চিঠিগুলোতে দুর্বৃত্তরা নিজেদের ‘রঘু ডাকাত’ পরিচয় দিয়ে নির্বিঘ্নে ডাকাতির জন্য ঘরের দরজা খোলা রাখতে বলেছে। দরজা বন্ধ থাকলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
চিঠিতে লেখা ছিল, ‘কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব, তাই দরজা খোলা রাখবেন। না খুলে রাখলে জিন্দা খালাস। ইতি—রঘু ডাকাত।’
স্থানীয়দের অভিযোগ, এরই মধ্যে কয়েকটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে ডাকাতির ঘটনাও ঘটেছে। কোরবানির ঈদ সামনে থাকায় গরুর খামারিদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। সন্ধ্যার পর থেকেই গ্রামটির বাজার ও রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে।
টেকুয়াপাড়া গ্রামের মিলন সংঘ ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, গ্রামের অধিকাংশ পরিবারই গরু লালনপালনের সঙ্গে জড়িত। ঈদের আগে এসব গরু বিক্রি করা হয়। হঠাৎ করে একের পর এক রক্তমাখা চিঠি আসায় গ্রামবাসীর মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় ক্লাবের সদস্যরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন।
ঘটনার বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, বিষয়টি জানার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কোনো দুর্বৃত্তকে নাশকতা বা ডাকাতির সুযোগ দেওয়া হবে না।