বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৩৭ পিএম
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। এ নিয়োগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো দেশের ১৩তম বগুড়া সিটি করপোরেশনের।
সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার নতুন দায়িত্বে যোগ দেন এম আর ইসলাম স্বাধীন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে প্রশাসক হিসেবে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।