চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশা খাতুনের মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হাসিনা বেগম একটি লোহার মই ব্যবহার করে বাড়ির ছাদে উঠছিলেন। এ সময় মইটি বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ভাতিজি আশা খাতুন ও তার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।