আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার আশঙ্কা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৩২ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে এক গোলের ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ সংঘর্ষ। এ ঘটনায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল শেষে মাঠেই দুই দলের কয়েকজন ফুটবলারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও বদলি খেলোয়াড় গাভিকে ধাক্কা দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্জেন্টিনার প্রধান প্রশিক্ষক লিওনেল স্কালোনি মাঠে ছুটে এলেও তাৎক্ষণিকভাবে উত্তেজনা থামানো সম্ভব হয়নি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্যে দেখা যায়, স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল মাঠে প্রার্থনায় ব্যস্ত থাকলেও তার পেছনে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা চলছিল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নতুন বিতর্কের জন্ম হয়। স্পেনের খেলোয়াড়রা রানার্সআপ আর্জেন্টিনাকে সম্মান জানালেও, চ্যাম্পিয়ন দলের পদক ও ট্রফি গ্রহণের সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়।

এদিকে, ম্যাচ-সংক্রান্ত প্রতিবেদন খতিয়ে দেখছে ফিফার শৃঙ্খলা কমিটি। আচরণবিধি লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগ তদন্তে একজন বিশেষ তদন্ত কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয় পাওয়ার পর আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার প্রদর্শন করেছিলেন। সেই ঘটনাও ফিফার তদন্তাধীন রয়েছে।

মাঠের ভেতর ও বাইরের একাধিক বিতর্ককে গুরুত্ব দিয়ে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফিফা।

সূত্র: আলজাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970