এবার আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম
বিশ্বকাপ ফাইনালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ বিস্তারিতভাবে পর্যালোচনা করে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, তদন্তের মূল বিষয়বস্তু হলো ম্যাচের শেষ মুহূর্ত এবং খেলা শেষে ঘটে যাওয়া কয়েকটি বিতর্কিত ঘটনা। এর মধ্যে রয়েছে লিয়ান্দ্রো পারেদেসের লাল কার্ড পাওয়ার ঘটনা ও মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়া, নাহুয়েল মোলিনার বিরুদ্ধে স্পেনের রদ্রির দিকে ঘুষি মারার চেষ্টার অভিযোগ এবং দানি ওলমোকে ধাক্কা দেওয়ার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার সংশ্লিষ্টতা।
এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেন ট্রফি উদযাপন করার সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের প্রতিপক্ষ দলের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনাও ফিফার শৃঙ্খলাবিষয়ক তদন্তের আওতায় এসেছে।
ম্যাচ রেফারির প্রতিবেদন, ভিডিও প্রমাণ এবং সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত যাচাই শেষে ফিফা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পুরো তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।