প্রিয় দল হেরে যাওয়ার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সাতক্ষীরায় হাফিজুর রহমান ওরফে লাল্টু (৩৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, দলের হার মেনে নিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ার কিছুক্ষণ পর তিনি হৃদরোগে আক্রান্ত হন।
সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান লাল্টু ওই এলাকার মো. আনছার আলীর ছেলে।
লাল্টুর চাচা মো. জাকির হোসেন জানান, তিনি ছিলেন আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের মতো ফাইনালটিও তিনি কদমতলা এলাকায় বড় পর্দায় বসে উপভোগ করেন। খেলা শুরুর আগে অন্য সমর্থকদের সঙ্গে রান্না করে একসঙ্গে খাবারও খান।
তিনি আরও জানান, ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর লাল্টু মন খারাপ করে বাড়ি ফিরে যান। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, সোমবার সকালে হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।