ইউএনওর বদলির খবরে কুড়িগ্রামে জুলাই যোদ্ধাদের মিষ্টি বিতরণ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেনের বদলির খবরে আনন্দ-উল্লাস করেছেন স্থানীয় জুলাই যোদ্ধারা। রোববার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে তারা এ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ইউএনওর বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অসম্মান এবং প্রশাসনিক নানা অনিয়মের অভিযোগও তোলেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হলেও তাদের বসার সুযোগ দেওয়া হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
একই দিনে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এইচ এম খোদাদাদ হোসেনকে ফরিদপুর জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার হিসেবে বদলির আদেশ জারি করা হয়। রোববার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর জুলাই যোদ্ধারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
জাতীয় যুবশক্তির নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা কমিটির মুখ্য সংগঠক মোবাশ্বের মীম দাবি করেন, ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। তার অভিযোগ, ইউএনও নিয়মিত নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করতেন, ফলে প্রয়োজনীয় সেবা নিতে এসে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতেন।
তিনি আরও বলেন, জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে পরে জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ ঘটনায় সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল কবির স্বাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের সমালোচনা করে একটি পোস্ট দেন, যা পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
৩৫তম বিসিএসের কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন চলতি বছরের ১২ মে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় অব্যবস্থাপনা এবং বন্যাকবলিত মানুষের জন্য বরাদ্দ ৩০ মেট্রিক টন জিআর চাল বিতরণে বিলম্বসহ বিভিন্ন অভিযোগ ওঠে।