প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের অডিও ফাঁস, সেই এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট থানা থেকে প্রত্যাহার হওয়া উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশ। একটি অভিযোগ তদন্তের সময় এক প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোনে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে তার কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।

শনিবার সন্ধ্যার পর বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তভোগী গৃহবধূ ও তার মায়ের মৌখিক এবং লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের এক ব্যক্তি প্রায় ছয় মাস আগে দালালের মাধ্যমে পাঁচ লাখ টাকার বিনিময়ে সৌদি আরবে যান। তবে চুক্তি অনুযায়ী সেখানে কোনো কাজ না পেয়ে তিনি বিপাকে পড়েন। এ বিষয়ে তার মা দালালদের সঙ্গে যোগাযোগ করলে তাকে মারধরের শিকার হতে হয়।

ঘটনার পর প্রবাসীর মা দুই দালালের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

তদন্ত চলাকালে এসআই মোস্তাফিজার রহমান প্রবাসীর স্ত্রীকে তার স্বামীর ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত দালালদের কাছ থেকে অর্থ নিয়ে তিনি অভিযোগের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এতে ভুক্তভোগী পরিবার হতাশ হয়ে পড়ে।

অভিযোগে আরও বলা হয়, এই সুযোগে এসআই মোস্তাফিজার রহমান প্রবাসীর স্ত্রীকে একাধিকবার অনৈতিক প্রস্তাব দেন। বিষয়টি গোপন রাখতে অনুরোধ করলেও ওই গৃহবধূ কৌশলে কথোপকথন রেকর্ড করে রাখেন। পরে সেই অডিও ক্লিপগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। ধুনট থানার তদন্ত পরিদর্শক শুকুর আলীর নেতৃত্বে তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও প্রবাসীর স্ত্রীর মধ্যে আপত্তিকর কথোপকথনের অডিওর সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্ত প্রতিবেদন গত ১০ জুলাই পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হলে, তার ভিত্তিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এদিকে ভুক্তভোগী প্রবাসীর মা অভিযুক্ত এসআইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি মারধরের ঘটনায় অভিযুক্ত দুই দালালকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970