যশোরে অনলাইন জুয়ার আসর থেকে নারী আর্জেন্টিনা সমর্থক আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
যশোরের শার্শা উপজেলায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। আটক রুনা পারভীন স্থানীয়ভাবে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত হলেও পুলিশের দাবি, তিনি একটি অনলাইন বেটিং চক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
রোববার রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার নুরুল আমিনের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-লেনদেনের মাধ্যমে বিভিন্ন নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল রোববার রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে থাকা কয়েকজন পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি দামি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।
সোমবার দুপুরে রুনা পারভীনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।