মেহেরপুরে বিএনপি নেতাকর্মীদের হত্যার হুমকি, চিরকুটের সঙ্গে হাতবোমা উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:১৭ পিএম

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি হাতবোমা রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতের কোনো এক সময় জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে লাল স্কচটেপে মোড়ানো দুটি হাতবোমা ও দুটি চিরকুট ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা ও চিরকুট উদ্ধার করেন। পরে নিরাপত্তার স্বার্থে উদ্ধার করা বোমা দুটি পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়।

চিরকুটে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে অশ্লীল ভাষায় হত্যার হুমকি দেওয়া হয়। সেখানে লেখা ছিল, সুযোগ পেলে বিএনপির নেতাকর্মীদের ‘জবাই’ করা হবে এবং পুলিশ তাদের পক্ষে কাজ করবে বলেও দাবি করা হয়।

আরেকটি চিরকুটে জোড়পুকুরিয়া গ্রামের বিএনপির ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নাম টেনে বিভিন্ন উসকানিমূলক বক্তব্যও লেখা ছিল।

এ ঘটনায় গ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970