সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, খবর শুনেই শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:১৮ পিএম

ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে প্রিয় শিক্ষিকার মৃত্যুসংবাদ শুনে এক ছাত্রীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম উম্মে কুলসুম। তিনি বদলগাছী উপজেলার দর্গাপাড়া এলাকার বাসিন্দা এবং বদলগাছী লাবণ্য, প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। অন্যদিকে মারা যাওয়া শিক্ষার্থীর নাম তাসনিম। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা গোড়শাহী এলাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে চাকরাইল বটতলি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিক্ষিকা উম্মে কুলসুমের মৃত্যু হয়। এছাড়া মমতাজ জাহান নামে আরও এক শিক্ষিকা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে শিক্ষিকা উম্মে কুলসুমের মৃত্যুর খবর জানতে পেরে ছাত্রী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসনিমের বাবা আবুল কালাম জানান, ফেসবুকে শিক্ষিকার মৃত্যুর খবর দেখার পরই তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আসাদুজ্জামান নাহিদ বলেন, আকস্মিক দুঃসংবাদে কেউ জ্ঞান হারাতে পারেন। তবে শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর ঘটনা ঘটেছে। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970