৭ মাসের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আছড়ে হত্যা, গ্রেপ্তার বাবা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মাত্র সাত মাস বয়সী এক শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। আহত শিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে রাফা মনি ওরফে কবিতা নামে সাত মাস বয়সী শিশুটি মারা যায়।

শিশুটির মা লিমা আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তারা তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে বসবাস করেন। রাফা মনি ছিল তাদের একমাত্র সন্তান। তার বাবা কবির হোসেন পেশায় রিকশাচালক।

লিমা আক্তারের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে কবির হোসেন তার কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সে মারা যায়।

তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত কাজ করতেন না এবং মাঝে-মধ্যে মাদক সেবন করতেন। এসব বিষয়কে কেন্দ্র করে তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান ফয়সাল জানান, ঘটনার পর বুধবার রাতেই অভিযুক্ত কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে শিশুটিকে আছাড় মারার তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত মাদকাসক্ত বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কবির হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970