মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সৌদি প্রবাসীর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম
মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজি সোয়াব উদ্দিনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, হাতলিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় আনা এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত তিনজনের অবস্থার গুরুত্ব বিবেচনায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।