দুর্ঘটনার তদন্তে গিয়ে নিজের সন্তানের মরদেহ দেখলেন পুলিশ সদস্য
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম
কিশোরগঞ্জ শহরে সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন (১০) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশের টহলদলের এক সদস্য সেখানে গিয়ে জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের জনতা স্কুল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তানিয়া নাজনীন জানান, সকালে একটি মোবাইল ফোনের মাধ্যমে থানায় খবর আসে যে জনতা স্কুল সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তখন নিহতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে রওনা হয়। ওই টহলদলের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন শামসুল হক।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা দেখতে পান, ট্রাকের নিচে প্রাণ হারানো শিশুটি শামসুল হকেরই ছেলে তুহিন। মুহূর্তেই শোক আর কান্নায় ভেঙে পড়েন তিনি। উপস্থিত সবার মধ্যেও নেমে আসে গভীর শোকের আবহ।
জানা গেছে, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল সড়কে বের হয়েছিল তুহিন। পথে একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।