দিল্লিতে সরকারের সঙ্গে বৈঠকে বসছে সিজেপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম
দীর্ঘ অনশন ও টানা রাজপথের আন্দোলনের পর অবশেষে আন্দোলনকারী তরুণদের দাবির মুখে নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে সম্মত হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ককরোচ জনতা পার্টির (সিজেপি) অনুরোধে শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো নিয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে ২৬ দিনের অনশন ভঙ্গ করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।
স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নিরপেক্ষ পরিবেশে বৈঠক শুরু হয়। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিজেপি। দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস বলেন, নিরপেক্ষ স্থানে আলোচনার আহ্বান মেনে নেওয়ায় তারা সন্তুষ্ট এবং সরকারের কাছে প্রত্যাশা, আলোচনায় খোলামেলা মনোভাব নিয়ে আন্দোলনরত তরুণদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এর আগে সরকারের মন্ত্রীদের বাসভবন বা দাপ্তরিক কার্যালয়ে বৈঠকের প্রস্তাব একাধিকবার প্রত্যাখ্যান করেছিল সিজেপি। তারা শুরু থেকেই নিরপেক্ষ স্থানে আলোচনার দাবি জানিয়ে আসছিল।
গত ২০ জুলাই দুই পক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় সিজেপির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে সাক্ষাৎ করতে গেলে বৈঠক চলাকালে তাদের প্রায় আটকে রাখার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই সরকারি ভবনের পরিবর্তে নিরপেক্ষ স্থানে আলোচনার বিষয়ে অনড় অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এদিকে সিজেপি জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে তাদের গণআন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও সংগঠনটির দাবির মধ্যে রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অনিয়মের জবাবদিহি নিশ্চিত করা, দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার।