এবার ভারতে পুলিশ ভ্যান আটকে দিলো তরুণী, যেন বাংলাদেশের প্রতিচ্ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম
ভারতের মুম্বাইয়ে আন্দোলনরতদের আটক করে নিয়ে যাওয়া একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো এক তরুণীর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলনের একটি আলোচিত ঘটনার সঙ্গে তুলনা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্ক এলাকায় রিয়া আহির নামে এক তরুণী চলন্ত পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে সেটির পথরোধ করেন। পুলিশ সদস্যরা তাকে সরে যাওয়ার অনুরোধ করলেও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরা রিয়া দুই হাত সামনে রেখে পুলিশ ভ্যানের গতি থামানোর চেষ্টা করছেন। তার এই সাহসী অবস্থান মুহূর্তেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলে।
ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারী ও সাধারণ মানুষ করতালি ও স্লোগানের মাধ্যমে রিয়ার প্রতি সমর্থন জানান। স্থানীয় কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরে ওই পুলিশ ভ্যানে আটক কয়েকজন আন্দোলনকারীকে মুক্তি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তথ্য অনুযায়ী, রিয়া আহির একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় এক লাখ। তিনি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। সম্প্রতি প্রকাশিত তার একটি গানের ভিডিওর নাম ‘দিলবারা’।
অভিনয়ের পাশাপাশি হস্তশিল্প ও পোশাক ব্যবসার সঙ্গেও যুক্ত রিয়া। ‘রিয়াসত’ নামে নিজের একটি ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করছেন তিনি।
পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে তার এই প্রতিবাদের দৃশ্য ইতোমধ্যে ভারতজুড়ে ছাত্র আন্দোলনের আলোচিত প্রতীকগুলোর একটি হয়ে উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী ঘটনাটিকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের স্মরণীয় মুহূর্তের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করছেন।