বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের পিটিশনে ২ কোটি ৩০ লাখের বেশি স্বাক্ষর
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে একটি অনলাইন পিটিশন ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে একটি পিটিশন চালুর পর এবার তার পাল্টা হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, ইতোমধ্যে এতে ২ কোটি ৩৩ লাখেরও বেশি মানুষ ডিজিটাল স্বাক্ষর করেছেন।
ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘আর্জেন্টিনা আউট’ শিরোনামের এই পিটিশনে বিশ্বের প্রায় ১৭০টি দেশের ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন স্বাক্ষর করেছেন। শুরুতে এর লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা। তবে বিশ্বকাপজুড়ে বিভিন্ন বিতর্কের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে পিটিশনটি দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাক্ষরের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া পিটিশনের রেকর্ড রয়েছে ‘জুবিলি ২০০০’ আন্দোলনের আবেদনের দখলে। সেই পিটিশনে ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন স্বাক্ষর করেছিলেন। সে হিসেবে আর্জেন্টিনাবিরোধী এই পিটিশনটি রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছালেও তা অতিক্রম করতে পারেনি।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনাকে ঘিরে একাধিক বিতর্কের জন্ম হয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রেফারিং, খেলোয়াড়দের আচরণ এবং প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত ঘটনার কারণে দলটি সমালোচনার মুখে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক ও বিশ্লেষক অভিযোগ তোলেন, ফিফা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এসব অভিযোগের প্রেক্ষাপটে চালু হওয়া পিটিশনে বলা হয়েছে, ‘যদি আগেই বিজয়ী নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন বিশ্বকাপে অংশ নেবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।’
এদিকে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পরও বিতর্ক থামেনি। ম্যাচ শেষে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের আচরণ নিয়েও সমালোচনা শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে গাভির সঙ্গেও তার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে ম্যাচ চলাকালে স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। একজন খেলোয়াড় কমে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে আর্জেন্টিনা।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এসব ঘটনার পর অনলাইন পিটিশনে স্বাক্ষরের সংখ্যা আরও দ্রুত বাড়তে থাকে।