গাজী নজরুলের আসনে উপনির্বাচন হলে লড়তে চান হিরো আলম
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সম্ভাব্য উপনির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ওই আসনে নির্বাচন হলে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
একটি অডিওবার্তায় হিরো আলম বলেন, সংসদ সদস্য হওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন। তিনি জানান, দেশে সুষ্ঠু নির্বাচন হলে তিনি অংশ নিতে চান। তার ভাষ্য, যেখানে উপনির্বাচন হবে, সেখানেই তিনি প্রার্থী হবেন। একই সঙ্গে তিনি দেখতে চান সুষ্ঠু নির্বাচনের পরিবেশেও তার ওপর কোনো ধরনের হামলা বা বাধা সৃষ্টি করা হয় কি না। অতীতে একাধিক নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার জনগণ কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার অপেক্ষায় আছেন।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন হিরো আলম। নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় তার ওপর হামলার অভিযোগও ওঠে। পরে কয়েকটি নির্বাচনকে বিতর্কিত দাবি করে তিনি সেসব নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আমজনতা দলের মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নেননি। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছিলেন।
বগুড়ার একজন ক্যাবল অপারেটর থেকে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া হিরো আলম গত কয়েক বছরে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নানা আলোচনা-সমালোচনার মধ্যেও সংসদ সদস্য হওয়ার লক্ষ্য থেকে সরে আসেননি তিনি।
এদিকে নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দলীয় গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দল জানিয়েছে, এ বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। তবে তার সংসদ সদস্য পদ শূন্য হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ।