শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিল ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) সারা ভারতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টারের মাধ্যমে ‘প্রতিটি জেলা, এক দিন, এক দাবি’ স্লোগানে শিক্ষার্থী, ছাত্রসংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
সিজেপি জানিয়েছে, দেশের প্রতিটি জেলায় শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে সাম্প্রতিক আন্দোলনে পুলিশি অভিযানের শিকার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানো হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নির্ধারিত স্থানে সমবেত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে পাঠ করারও আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংগঠনটি একটি মানসম্মত কার্যপদ্ধতি (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য স্মারকলিপির খসড়া প্রকাশ করেছে। পাশাপাশি স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সমাবেশ শেষে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
বর্তমানে দিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সিজেপির আন্দোলন অব্যাহত রয়েছে।
এদিকে আন্দোলন চলমান থাকলেও কেন্দ্রীয় সরকার আবারও সংগঠনটির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে সরকার সংসদের ফ্লোর লিডারদের সঙ্গে বৈঠকও করতে পারে।
সরকার জানিয়েছে, পদত্যাগের মতো কোনো পূর্বশর্ত ছাড়াই এ বিষয়ে সংসদে আলোচনায় বসতে তারা প্রস্তুত। বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা পুনরায় বলেন, সরকার সিজেপির সঙ্গে সংলাপে আগ্রহী। তিনি জানান, সংগঠনের প্রতিনিধিরা চাইলে তার সরকারি বাসভবন অথবা দপ্তরে বৈঠক করতে পারেন।
তবে সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিজেপি। সংগঠনটির দাবি, যেহেতু আন্দোলন যন্তর মন্তরে চলছে, তাই আলোচনাও সেখানেই অথবা এর আশপাশের কোনো স্থানে অনুষ্ঠিত হওয়া উচিত।