ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তার ভাষ্য, আন্দোলনের আড়ালে ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। তবে অতীতের মতো এবারও সেই চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার রাজারহাট-নিউটাউনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দিলীপ ঘোষ।

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ চলছে। ‘কাকরোচ জনতা পার্টি’র ব্যানারে অনুষ্ঠিত এই আন্দোলনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে রাজধানী দিল্লিতে।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ অভিযোগ করেন, আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে সক্রিয়। তার দাবি, তারা সাধারণ মানুষকে সামনে রেখে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আন্দোলন সংগঠিত করে। বিশেষ করে পার্লামেন্টের অধিবেশন চলাকালে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়, কারণ সে সময় দেশজুড়ে গণমাধ্যম ও জনগণের নজর সংসদের দিকে থাকে।

তিনি বলেন, অতীতেও ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সেসব প্রচেষ্টা সফল হয়নি এবং এবারও হবে না। তার মতে, চলমান আন্দোলনের পরিণতিও কৃষক আন্দোলনের মতোই হবে। একই গোষ্ঠী বিভিন্ন সময় কৃষক, ছাত্র ও নারী আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকে বলেও দাবি করেন তিনি।

আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদেশি শক্তির মদতের অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, তারা বিদেশি স্বার্থে কাজ করছে এবং সুযোগ পেলেই দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। তিনি আরও বলেন, আন্দোলনকারীরা সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করতে চায়, যাতে সেটিকে ইস্যু করে দেশজুড়ে নতুন করে অস্থিরতা তৈরি করা যায়।

সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সাধারণ মানুষ ইতোমধ্যে এসব আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

দিলীপ ঘোষের দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেক সাধারণ শিক্ষার্থীও এখন উপলব্ধি করছেন যে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আবেগে নয়, সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, যাতে কেউ তাদের ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে।

এ সময় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, ভারতের উন্নয়ন ও জাতীয় ঐক্য বাধাগ্রস্ত করতে আগ্রহী কিছু বিদেশি শক্তি বিরোধী নেতাদের ব্যবহার করছে। তবে জনগণ এসব বিষয় সম্পর্কে সচেতন হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970