নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেশের রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র পৌঁছানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা অনুপস্থিতি, অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ৪৮ (১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
বর্তমানে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন বিএনপির। ফলে দলটির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কয়েক দিন ধরেই আলোচনা অব্যাহত রয়েছে।
এদিকে চিকিৎসা শেষে শুক্রবার দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে তিনি ব্যাংকক যান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী রোববার দেশে ফেরার কথা থাকলেও দুই দিন আগেই তিনি দেশে ফিরে আসেন।