রাষ্ট্রপতির পদ ছাড়লেও আমৃত্যু যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।
দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্বে পূর্ণ মেয়াদ সম্পন্ন করলে অথবা অন্তত ছয় মাস দায়িত্ব পালন করলে তিনি আজীবন মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী হন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মৃত্যুর আগ পর্যন্ত অবসরভাতা দেওয়া হয়।
আইনে আরও বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। এছাড়া দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক অর্থ বরাদ্দ থাকবে।
এর পাশাপাশি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ, নিজ বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমার মধ্যে ওই টেলিফোনের বিল পরিশোধের সুবিধাও পাবেন তিনি।
এ ছাড়া একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসাসুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধাও আইন অনুযায়ী প্রাপ্য হবে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।