রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, শিগগিরই তফসিল ঘোষণার ইঙ্গিত ইসির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। যেহেতু মো. সাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসারে আগামী ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, আর একজন মাত্র প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

তিনি জানান, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী রোববার অথবা তার পরের দিন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারে।

এর আগে শুক্রবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয়েছে এবং তিনি তা গ্রহণ করেছেন।

স্পিকার বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে স্পিকার জানান, গুরুতর অসুস্থতা এবং বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতার কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970