শিক্ষামন্ত্রীকে অপসারণে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিক্ষোভকারীদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:১০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের নিট-ইউজি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল এবং বিভিন্ন অনিয়মের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা বরখাস্তের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী দ্বিতীয় দফার বৈঠক শেষে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। তাদের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২০ জুলাইয়ের কর্মসূচির চেয়েও বৃহত্তর পরিসরে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।

সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠক শেষে সিজেপি জানায়, তারা সরকারের কাছে লিখিতভাবে তিনটি প্রধান দাবি এবং শিক্ষা ব্যবস্থার স্থায়ী সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব জমা দিয়েছে।

সংগঠনটির প্রধান দাবির মধ্যে রয়েছে—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে অপসারণ, প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের পাশাপাশি ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার নিশ্চয়তা।

সিজেপির দাবি, দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে সরকার নীতিগতভাবে ইতিবাচক অবস্থান জানিয়েছে। তবে ধর্মেন্দ্র প্রধানের অপসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে পরবর্তী বৈঠক শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে আন্দোলনকারী সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি পূরণ না হলে শিক্ষা সংস্কারসংক্রান্ত পাঁচ দফা এজেন্ডা নিয়ে আর কোনো আলোচনা হবে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970