পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ভারতীয় জনতা পার্টির নেতা রভনীত সিং বিট্টু। পাঞ্জাবের এই নেতার রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ গত জুন মাসে শেষ হওয়ায় তিনি মন্ত্রিসভা থেকেও সরে দাঁড়িয়েছেন। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী বছর অনুষ্ঠিতব্য পাঞ্জাব বিধানসভা নির্বাচনে রভনীত সিং বিট্টু প্রার্থী হতে পারেন। বর্তমানে আম আদমি পার্টির নিয়ন্ত্রণে থাকা সীমান্তবর্তী রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী করতে তিনি সক্রিয়ভাবে মাঠপর্যায়ে কাজ করছেন।
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিন্ত সিংয়ের নাতি রভনীত সিং বিট্টু ২০২৪ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। একই বছর লোকসভা নির্বাচনে অংশ নিলেও তিনি জয়ী হতে পারেননি। পরে রাজস্থানের কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের শূন্য হওয়া আসনে অবশিষ্ট মেয়াদের জন্য তাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এদিকে, সম্প্রতি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’ সিনেমার প্রকাশ্য সমালোচনা করেন রভনীত সিং বিট্টু। তিনি দাবি করেন, সিনেমাটি পাঞ্জাবে অস্থিরতা তৈরির অপচেষ্টার অংশ।