ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম
অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতা বনি আমিনের ওপর ইতালির রাজধানী রোমে একদল যুবকের হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে শক্তভাবে ধরে রেখে আক্রমণাত্মক আচরণ করছেন। সেখান থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। পরে সড়কে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। তাদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক ভাষার ব্যবহারও লক্ষ করা গেছে। একই সঙ্গে তারা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করতে এবং একে অপরকে হামলায় উসকানি দিতে শোনা যায়।
যদিও ঘটনাটি রোমে ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে, তবে হামলার সুনির্দিষ্ট কারণ কিংবা জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন। তবে এ দাবিরও কোনো আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত হয়নি।
নোয়াখালীর হাতিয়া উপজেলার জন্মগ্রহণকারী বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে ভিডিও নির্মাণ করেন এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভ্রমণবিষয়ক কনটেন্টের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়েও তিনি নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উল্লেখযোগ্যসংখ্যক অনুসারী রয়েছে।
এদিকে, বিদেশের মাটিতে একজন বাংলাদেশি কনটেন্ট নির্মাতার ওপর এমন হামলার ভিডিও প্রকাশের পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।