পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:২৬ পিএম
সরকার পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও শক্তিশালী করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে এসব গাড়ি কেনা হবে। প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব যানবাহন সরবরাহ করবে। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকায় ক্রয়চুক্তি করার অনুমোদন দেওয়া হয়েছে।
এ গাড়িগুলো দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন ও জরুরি অভিযানে ব্যবহার করা হবে। নতুন পিকআপ যুক্ত হলে পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।