‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’ বলেই মোহাম্মদপুর ইন্টারনেট অফিসে হামলা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:০৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার মোহাম্মদপুর এলাকার লালমাটিয়ায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেট-এর অফিসে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৯টার দিকে লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।

মামলা ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, মুখোশ পরা ২০–২৫ জনের একটি দল জোরপূর্বক অফিসে প্রবেশ করে প্রথমে অ্যাকাউন্টস শাখায় ঢুকে কর্মীদের মারধর করে। এ সময় হামলাকারীরা বলে, “বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো।”

হামলাকারীরা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালালকে মারধর করে এবং মালিক প্রদীপ ঢালী ও সিটিও মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। পরে কর্মীদের জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন নিয়ে যায়। এসবের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। এ সময় কর্মীদের ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়।

প্রতিষ্ঠানের সিটিও মিঠু হাওলাদার বলেন, “আমাকে কেউ কখনো ফোন করেনি। কেন হামলা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।”

ঘটনার পর আহত কর্মীরা চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ যান।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা রুজু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970