বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ, কখন কোথায় দেখবেন
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:১৫ পিএম
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার প্রথমবারের মতো একসঙ্গে তিনটি দেশে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসর ফুটবলের ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।
দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম একই বিশ্বকাপে একাধিক উদ্বোধনী আয়োজন রাখা হয়েছে। তিনটি ভিন্ন শহরে আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে বরণ করে নেওয়া হবে।
প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠান শুরু হবে এবং রাত ১টায় ম্যাচ শুরু হবে, যেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
এই আয়োজনে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ শিল্প ও ঐতিহ্যকে তুলে ধরা হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রায় ১৬ থেকে ১৭ মিনিট স্থায়ী হবে।
এরপর কানাডার টরন্টোতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে এবং রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক কানাডা ও বসনিয়া ও হার্জেগোভিনা। এখানে কানাডার ঐতিহাসিক মুহূর্তগুলো বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে তুলে ধরা হবে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে শনিবার ভোরে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়ে সকাল ৭টায় ম্যাচ শুরু হবে, যেখানে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এই আয়োজন হবে আধুনিক প্রযুক্তিনির্ভর ও গল্পভিত্তিক উপস্থাপনায় সাজানো।
তিনটি আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত তারকারা। মেক্সিকো সিটিতে পারফর্ম করবেন শাকিরা ও বার্না বয়, টরন্টোতে থাকবেন মাইকেল বুবলে, আলানিস মরিসেটসহ একাধিক তারকা এবং লস অ্যাঞ্জেলেসে কেটি পেরি, লিসা, অ্যানিটা ও আরও অনেকে পারফর্ম করবেন।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচগুলো আন্তর্জাতিকভাবে ফক্স ও এফএস১ সম্প্রচার করবে। বাংলাদেশে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখা যাবে। পাশাপাশি মাই রবি অ্যাপ, টফি ও বায়োস্কোপেও সরাসরি সম্প্রচার থাকবে।
বিশ্বকাপের এবারের আসরের মূল বার্তা হলো ভাষা, সংস্কৃতি ও সীমান্তের ভেদাভেদ ভুলে ফুটবলের মাধ্যমে বিশ্বকে এক সুতোয় বাঁধা।