অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম হলো মিরপুরে। দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। কোনো রান যোগ হওয়ার আগেই তিনটি উইকেট হারিয়ে ওয়ানডে ইতিহাসে নতুন এক নেতিবাচক রেকর্ড গড়ে দলটি। ১ হাজার ২৪টি ওয়ানডে খেলার পর এই প্রথম শূন্য রানে তিন উইকেট হারানোর অভিজ্ঞতা হলো তাদের।

বাংলাদেশের হয়ে শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। পরপর দুই ম্যাচে ম্যাথু শর্টকে ফেরানোর পর মোস্তাফিজুর রহমান নিজের ওভারে কুপার কনোলি ও ম্যাট রেনশোকে আউট করে অস্ট্রেলিয়াকে আরও বিপদে ফেলে দেন।

পরবর্তীতে অ্যালেক্স ক্যারি প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ৮১ রানে ৬ উইকেট হারানোর পর জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেন। শেষ পর্যন্ত ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয় এবং বাংলাদেশের সামনে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। বল হাতে বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে এবং তানভীর ইসলাম দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ৮৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। সৌম্য ৪২ রান করে ফিরলেও শান্তও সমান ৪২ রান করেন। এই ইনিংস খেলার পথে দেশের ১১তম ব্যাটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

লিটন দাস ২১ এবং মোসাদ্দেক হোসেন দ্রুত বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে দায়িত্বশীল ব্যাটিং করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। শেষ পর্যন্ত হৃদয় ৪০ ও মিরাজ ২২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করার মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970