আর্জেন্টিনার বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উন্মাদনা নতুন মাত্রা পায়। ফুটবলে আকাশী-সাদা জার্সির দাপট বিশ্বজুড়ে পরিচিত হলেও ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে কখনোই জয় পায়নি আর্জেন্টিনা। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের তিন দেখায় প্রতিবারই জয় তুলে নিয়েছে টাইগাররা।
অনেকের কাছেই বিষয়টি অজানা যে, ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনার একটি ক্রিকেট দলও রয়েছে। এমনকি আইসিসি ট্রফির আসরে বাংলাদেশের বিপক্ষে মাঠেও নেমেছিল তারা। ১৯৯৭ সালে ওয়ানডে মর্যাদা পাওয়ার আগে আইসিসি ট্রফিতে তিনবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আর্জেন্টিনা।
প্রথম দেখাটি হয় ১৯৮৬ সালের জুনে ইংল্যান্ডের বার্মিংহামে। সেই ম্যাচে আগে ব্যাট করে আর্জেন্টিনা ১২২ রানেই অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ মাত্র তিন উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে।
এরপর ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে কেনিয়ার নাইরোবিতে দ্বিতীয়বার মুখোমুখি হয় দুই দল। এনামুল-নওশেরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর্জেন্টিনা গুটিয়ে যায় ১২০ রানে। পরে ৭ উইকেট হাতে রেখে এবং ৮৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।
সবশেষ ১৯৯৭ সালে আবারও আইসিসি ট্রফিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আর্জেন্টিনা। সেই ম্যাচেও জয় পায় টাইগাররা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে বাংলাদেশ।