বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
স্পেনের উদীয়মান ফুটবল তারকা লামিন ইয়ামাল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তদের জন্য দিয়েছেন এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি। স্পেন যদি বিশ্বকাপের শিরোপা জিততে পারে, তাহলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না বলে জানিয়েছেন। শুধু তাই নয়, উদ্যাপনের অংশ হিসেবে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই তরুণ ফুটবলার।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ১৮ বছর বয়সী ইয়ামাল এ ঘোষণা দেন। বার্সেলোনার এই উইঙ্গারের জন্য আসন্ন বিশ্বকাপ হতে যাচ্ছে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ আসর।
বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্মরণ করেন ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের মুহূর্ত। ইয়ামালের ভাষ্য, বড় কোনো প্রতিযোগিতার প্রথম ম্যাচে চাপ অনুভব করা স্বাভাবিক বিষয়। তবে সময়ের সঙ্গে তিনি বুঝেছেন, শুরুটা প্রত্যাশামতো না হলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এবং নিজের খেলায় মনোযোগ রাখতে হয়। কারণ একটি বড় টুর্নামেন্ট দীর্ঘ পথচলার নাম।
ব্যালন ডি’অর নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেছেন স্পেনের এই তরুণ। তিনি জানান, একসময় তার মনে হয়েছিল মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি তার হাতে উঠতে পারে। তবে পরে তিনি উপলব্ধি করেন, তখনও তিনি সেই পর্যায়ের পরিণত ছিলেন না এবং পুরস্কারটির গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে পারেননি। এ কারণে উসমান দেম্বেলের সাফল্যকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
দেম্বেলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ইয়ামাল বলেন, ফরাসি এই তারকা নিয়মিত তাকে পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়ে মানসিক সমর্থন জুগিয়েছেন। ব্যক্তিগত ও পেশাদার জীবনে উন্নতির ক্ষেত্রে দেম্বেলের অবদান গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর মুখোমুখি হবে স্পেন। এরপর মূল পর্বে গ্রুপ ‘এইচ’-এ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা।
সূত্র: স্ট্রিভার ফুটবল