নিজের শেষ বিশ্বকাপে ইতিহাস গড়বেন সালাহ, বিশ্বাস মিশরীয়দের
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম
মিশরের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহকে ঘিরে ২০২৬ বিশ্বকাপে নতুন স্বপ্ন দেখছে দেশটির সমর্থক ও সাবেক ফুটবলাররা। অনেকের ধারণা, এটিই হতে যাচ্ছে এই তারকা ফরোয়ার্ডের শেষ বিশ্বকাপ। তাই শেষবারের মতো বৈশ্বিক মঞ্চে বিশেষ কিছু করে দেখানোর প্রত্যাশা রয়েছে তাকে ঘিরে।
আফ্রিকার অন্যতম সফল ফুটবল দল মিশর এখন পর্যন্ত সাতবার মহাদেশীয় শিরোপা জিতেছে। তবে বিশ্বকাপের মঞ্চে সেই সাফল্যের প্রতিফলন ঘটাতে পারেনি ফারাওরা। নিজেদের চতুর্থ বিশ্বকাপ অভিযান সামনে রেখে এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে দলটি।
বিশ্বকাপে মিশরের সেরা সাফল্য আসে ১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত আসরে। সেবার তারা শেষ ষোলো পর্যন্ত খেলেছিল, যা এখনো দেশটির সর্বোচ্চ অর্জন হিসেবে বিবেচিত হয়। যদিও ওই টুর্নামেন্টের খেলা শুরু হয়েছিল শেষ ষোলো পর্ব থেকেই।
মিশরের সাবেক অধিনায়ক আহমেদ ফাতির বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপে মোহাম্মদ সালাহ দেশের হয়ে অসাধারণ কিছু উপহার দেবেন। তার ভাষায়, আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই সালাহর সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১২ সালের লন্ডন অলিম্পিক ও ২০১৮ বিশ্বকাপেও তারা একসঙ্গে ছিলেন। ফাতির মতে, সালাহ সবসময়ই পার্থক্য গড়ে দিয়েছেন এবং এবারও সেটাই করবেন।
অন্যদিকে মিশরের ফরোয়ার্ড মাহমুদ হাসান ত্রেজেগে সালাহকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সালাহ শুধু দলের সেরা খেলোয়াড় নন, বরং একজন অনুপ্রেরণাদায়ী নেতা। তার উপস্থিতি পুরো দলকে আত্মবিশ্বাস ও বাড়তি শক্তি জোগায়।
দেশটির কোটি কোটি সমর্থকের মতো আহমেদ ফাতিও আশা করছেন, ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে মোহাম্মদ সালাহ এমন এক কীর্তি গড়বেন, যা তাকে শুধু মিশরের নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও আরও উজ্জ্বল অবস্থানে নিয়ে যাবে।