ভূ-রাজনীতিতে হরমুজ প্রণালিই ইরানের সবচেয়ে বড় পারমাণবিক বোমা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব তুলে ধরে একে ইরানের সবচেয়ে বড় ‘পারমাণবিক বোমা’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ।
রোববার (৭ জুন) প্রকাশিত উইয়ন নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলি নিকজাদ বলেন, হরমুজ প্রণালিই ইরানের প্রকৃত শক্তির প্রতীক এবং এটিই তাদের সবচেয়ে বড় পারমাণবিক বোমা।
সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। নিকজাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের বক্তব্যের ওপর কোনো আস্থা রাখা যায় না। একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধের প্রশ্নে ইরানের অবস্থান সুস্পষ্ট এবং আদর্শিকভাবে দৃঢ়।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি আর আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে না। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে শিগগিরই একটি আইন পাস করা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
আলি নিকজাদের মতে, হরমুজ প্রণালির গুরুত্ব একটি পারমাণবিক বোমার চেয়েও বেশি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে হাজার হাজার পারমাণবিক বোমা থাকতে পারে, কিন্তু ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলেও সেটি ব্যবহারের পথে হাঁটবে না।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সমাধান না হওয়ায় আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে।