সীমান্তে পুশ ইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশ ইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসন্ন বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং অবৈধ পুশ ইনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। তিনি জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই বৈঠক নিয়মিত আয়োজন করা হয়। একবার বাংলাদেশে এবং পরবর্তীবার ভারতে অনুষ্ঠিত হয়। এবার ভারতের পালা হওয়ায় বৈঠকটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সংশ্লিষ্ট সব বিষয়ই বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে। পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশ ইন প্রতিরোধে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সরকার অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় প্রস্তুত। তবে এ ধরনের জটিলতা কূটনৈতিক সংলাপ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়াই সবচেয়ে কার্যকর পথ।

সালাহউদ্দিন আহমদ জানান, সীমান্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ চলমান রয়েছে। আসন্ন বৈঠকেও এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এদিকে, বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এবং পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এটিই হতে যাচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের প্রথম বৈঠক। পশ্চিমবঙ্গে নতুন সরকারের ‘শনাক্ত, মুছে ফেলা এবং বহিষ্কার’ অভিযানকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা আরও গুরুত্ব পাচ্ছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তা স্থগিত করা হয়েছিল।

বৈঠকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তপারের অপরাধ, বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকদের ওপর হামলার অভিযোগ, সীমান্তে বেড়া নির্মাণ এবং বাংলাদেশে সক্রিয় ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপের বিষয়গুলো উত্থাপন করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা ও কার্যকর সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে প্রতিবছর দুই দফায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল ও নদীপথ মিলিয়ে মোট সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970