ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৫১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তাদের প্রথম বাজেট অধিবেশন। এ কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে অধিবেশনকে ঘিরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।
এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশন ২৫ কার্যদিবস স্থায়ী ছিল এবং এতে মোট ৯৪টি বিল পাস হয়।