রামিসা হত্যা মামলার রায় তিন মাসের মধ্যেই কার্যকর সম্ভব: আইনমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:১৬ পিএম

ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ে সরকার আপাতত সন্তুষ্ট বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

রোববার (৭ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের কার্যকারিতা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনের নির্ধারিত সব স্তর অনুসরণ না করে কোনো রায় কার্যকর করা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই দণ্ডিতরা উচ্চ আদালতে আপিল করলে সরকারও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করবে। তবে সব আইনি কার্যক্রম শেষ হলে তিন মাসের মধ্যেই রায় কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এত বড় একটি অমানবিক ঘটনার বিচার এত অল্প সময়ে সম্পন্ন হওয়া দেশের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

রামিসার মৃত্যুতে পুরো জাতি শোকাহত ছিল উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, এই বিচারের মাধ্যমে রামিসাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় কিংবা তার বাবা-মায়ের কাছে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। তবে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করেছে।

তিনি জানান, ১৯ মে ঘটনাটি ঘটার পর তদন্ত শেষ করে ২৪ মে চার্জশিট দাখিল করা হয়। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকলেও বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের ছুটি বাতিলের প্রস্তাব পাঠানো হলে প্রধান বিচারপতি সম্মতি দেন এবং দেশের শিশু ট্রাইব্যুনালকে ছুটির আওতামুক্ত রাখা হয়। ফলে দ্রুত চার্জশিট ট্রাইব্যুনালে পাঠিয়ে বিচারকাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়।

আইনমন্ত্রী বলেন, ১ জুন অভিযোগ গঠনের দিন নির্ধারণ করা হয় এবং কার্যত মাত্র ছয় কার্যদিবসের মধ্যেই রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা। তিনি জানান, উপমহাদেশে নদীয়ায় একবার এক দিনের মধ্যে বিচার শেষ হওয়ার নজির থাকলেও বাংলাদেশে এত দ্রুত এ ধরনের বিচার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ঘোষিত রায়ে সরকার আপাতত সন্তুষ্ট এবং উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে বলে তাদের প্রত্যাশা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970