নৌবাহিনীর নতুন প্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর অফিসে এ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জবাবে ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ জুলাই সরকার রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে পদোন্নতি দিয়ে ভাইস অ্যাডমিরাল করেন এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়। তিনি এর আগে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের শিক্ষার্থী মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970