মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন: হাসনাত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, ভারতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে নরেন্দ্র মোদিকেও দেশ ছাড়তে হতে পারে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে হয়তো মোদিকেও সঙ্গে নিয়ে ফিরবেন।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অতীতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়ার দাবি করেছে, সেই দলই বর্তমানে কমিশনের বিরোধিতা করছে। তার অভিযোগ, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে।

পথসভায় তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনার শাসনামলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তার ভাষায়, এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে বিবেচিত হবে।

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা যে দেশে যান, সেখানে অস্থিতিশীলতা তৈরি হয় বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে নরেন্দ্র মোদিকেও তার সঙ্গে ফিরতে হতে পারে এবং দিল্লির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মোদিকেও পালাতে হতে পারে।

পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন এবং উপস্থিত সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970