বাবার দাফনের পর পরীক্ষায় বসা ইকনের পাশে শিক্ষামন্ত্রী, নিলেন পড়াশোনার দায়িত্ব

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

ছবি: সংগৃহীত

বাবার দাফন সম্পন্ন করে রাতেই কর্মস্থলে দায়িত্ব পালন এবং পরদিন সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।

বুধবার (২২ জুলাই) রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে মন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানান।

ফারহান ইশতিয়াক বলেন, পরীক্ষা চলাকালে যেন ইকনকে চাকরি করতে না হয়, সে জন্য শিক্ষামন্ত্রী দ্রুত তাকে আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পড়াশোনার জন্য প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে ইকনের সংগ্রামী জীবনের খবর প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

ইকনের পারিবারিক সূত্রে জানা যায়, তাদের আদি বাড়ি গোপালগঞ্জে হলেও ইকনের দাদা বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালক হিসেবে চাকরি করায় পরিবারটি বাগেরহাটে বসবাস শুরু করে। অবসরের পর দাদা গোপালগঞ্জে ফিরে গেলেও ইসরাফিল বাগেরহাটেই থেকে যান। বর্তমানে চার হাজার টাকা ভাড়ার একটি বাসায় মা ও মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে বসবাস করছে ইকনের পরিবার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970