সরকার ডিপফেক ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম
ডিপফেক, ভুয়া তথ্য, অপপ্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ আইনজীবী প্যানেল গঠনের প্রশাসনিক কার্যক্রম শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির অপেক্ষা, যা আগামী দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হতে পারে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত ডিপফেক, মিথ্যাচার, ভুয়া তথ্য প্রচার এবং সাইবার বুলিং কোনোভাবেই বরদাশত করা হবে না।
ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া, ছবি ও ভিডিও বিকৃত করে প্রচার, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিকে লক্ষ্য করে অপপ্রচার উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তির সম্মানহানি নয়, সামাজিক অস্থিরতা ও জননিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে।
তিনি জানান, বিশেষ করে নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। কেবল নারী হওয়ার কারণেই অনেককে অপমান, হুমকি, অশালীন মন্তব্য ও মিথ্যা প্রচারণার মুখোমুখি হতে হচ্ছে।
তথ্য উপদেষ্টা বলেন, গঠিতব্য বিশেষ আইনজীবী প্যানেল অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে স্বতঃপ্রণোদিতভাবেও আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে। সরকার যেসব ঘটনাকে গুরুত্বপূর্ণ মনে করবে, সেসব ক্ষেত্রেও প্যানেলটি সক্রিয়ভাবে কাজ করবে। এর লক্ষ্য হচ্ছে ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দেওয়া এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।
তিনি সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ারও পরামর্শ দেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশের আগে সম্পাদকীয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ব্যবস্থা নেই। ফলে যাচাই-বাছাই ছাড়াই যে কেউ যেকোনো তথ্য ছড়িয়ে দিতে পারে। তাই তথ্য বা ছবি শেয়ার করার আগে সেগুলোর সত্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রমও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। ২০২৫ সালের একই সময়ে আক্রান্ত ছিলেন ১৭ হাজার ২১৮ জন, আর চলতি বছরে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুও ৬২ জন থেকে কমে ৩৭ জনে নেমে এসেছে।
জ্বালানি খাতের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পদ্ধতিতে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য ৪০টি প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে। এসব কূপ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস উৎপাদন নিশ্চিত হয়েছে এবং তার একটি অংশ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে বাকি কূপগুলো খননের মাধ্যমে আরও গ্যাস উৎপাদনের লক্ষ্য রয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা-২০২৬’ জারি করেছে বলেও জানান তিনি। নতুন বিধিমালা অনুযায়ী খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আসতে হবে। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, আগামী আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এই ডেবিট কার্ড বিতরণ করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা অন্তত ১০ ধরনের সেবা সহজে গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে পাটজাত ব্যাগ ব্যবহারে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।
শিল্প খাত প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ২৫টি মিলের মধ্যে ১৬টি মিল সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি সরকারি ভর্তুকির চাপ কমবে এবং কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে বলে সরকারের আশা।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং সবাইকে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানান তিনি।