চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার সনদ প্রদান ও নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আলোচিত এই ব্যক্তিকে সোমবার (২০ জুলাই) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সোমবার বিকেলে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদিক আহম্মেদ এ আদেশ দেন।

সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, এ মামলাটি দায়েরের সময় তার মক্কেল প্রায় সাড়ে চার বছর কারাগারে থাকলেও তখন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। পরে ২০২৫ সালের ৪ মে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালে ব্যবসায়িক প্রয়োজনে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ নেন মোহাম্মদ সাহেদ। ঋণের নিরাপত্তা হিসেবে একই অঙ্কের একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক চেকটি উপস্থাপন করলে সেটি ডিজঅনার হয়।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। পরে মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

বিচার শেষে ২০২৫ সালের ৪ মে আদালত মোহাম্মদ সাহেদকে এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্লবী থানার একটি মামলার চাহিদার ভিত্তিতে তাকে থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970