প্রধানমন্ত্রীর সঙ্গে শরীক নেতাদের বৈঠক, যা আলোচনা হলো

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে ৪১টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বিক পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের কাজে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আগে এ ধরনের বৈঠক আয়োজন সম্ভব হয়নি। তবে সোমবার ৪১টি রাজনৈতিক দলের ১৮৪ জন প্রতিনিধির সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে ঘোষিত ‘৩১ দফা’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তার ভাষ্য, বিগত সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে দেশকে পুনর্গঠন এবং গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না। শরিক ও মিত্র রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে নির্বাচনের সময়সূচি ও রূপরেখা নির্ধারণ করা হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এটি ছিল শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর অন্যতম বড় আনুষ্ঠানিক মতবিনিময় সভা। বৈঠকে অংশ নেওয়া নেতারা সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন জানান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970