পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:১৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখারও নির্দেশ দেন তিনি।

সকাল ১১টার দিকে বিজিবি সদর দপ্তরে পৌঁছালে বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বিজিবির অপারেশন, প্রশিক্ষণ, প্রশাসন এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।

পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বাহিনীর শৃঙ্খলা, নেতৃত্বের নির্দেশনা অনুসরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পেশাদার আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার এবং শুধুমাত্র যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন, দুর্যোগ ও জাতীয় সংকটে মানবিক ভূমিকা পালন এবং সর্বক্ষেত্রে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্র ধারণ করে বিজিবি সদস্যরা ভবিষ্যতেও শৃঙ্খলা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি সীমান্ত গৌরব, ২০০৯ শহীদ স্মৃতিস্তম্ভ, দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানসহ বিজিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং সীমান্ত কুঞ্জ এলাকায় একটি বৃক্ষরোপণ করেন। পরিদর্শন শেষে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970