পুশ ইন ঠেকাতে ২৬ জেলার সীমান্তে বিজিবির কড়া নজরদারি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা ঠেকাতে দেশের ২৬ জেলার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চারটি পালায় বিভক্ত হয়ে সদস্যরা ২৪ ঘণ্টা টহল ও নজরদারির দায়িত্ব পালন করছেন। এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিনে বিএসএফের ২১টি পুশ ইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

এদিকে আগামী ৮ থেকে ১১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চার দিনের এ বৈঠকে সীমান্ত পরিস্থিতি, অবৈধ পুশ ইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সার্বিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষ্য, ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে সংযুক্ত ২৬ জেলার ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সাদাপোশাকে দায়িত্ব পালনকারী সদস্যরাও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছেন।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, যেসব সীমান্ত পয়েন্ট দিয়ে পুশ ইনের আশঙ্কা রয়েছে, সেগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এসব জেলার মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970