বিয়ের চারদিনের মাথায় বন্ধুর সাথে বাইকে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল যুবকের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:২১ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র চারদিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম সাগর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রিফাত।
শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও পথে দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। শনিবার দুপুরে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নিহত সাগর একই এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে চরএলাহী বাজার থেকে মোটরসাইকেলে বের হন সাগর। জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।
চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা জানান, সাগরের বাবা-মা দুজনই সৌদি আরবে থাকেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। সাগরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পথেই তিনি মারা যান। আহত রিফাত বর্তমানে নোয়াখালী জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেছিলেন সাগর। বিয়ের মাত্র চারদিনের মাথায় তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকাজুড়েও নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাটি নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।