জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে মারধর, যুবদল নেতা সোহেল বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:০৮ পিএম

ছবি: সংগৃহীত

নিজ বাবা-মাকে মারধরের অভিযোগ ওঠার পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল হক সোহেলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত এই নেতার ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামে জমি নিজের নামে লিখে দেওয়াকে কেন্দ্র করে মোজাম্মেল হক সোহেলের বিরুদ্ধে তার বাবা-মাকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার পর বৃদ্ধ বাবা তারা মিয়া ও তার স্ত্রী কান্নাজড়িত অবস্থায় বারহাট্টা উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে বিচার চান।

সেখানে উপস্থিত স্থানীয় বিএনপির নেতাদের সহযোগিতায় তারা জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের সঙ্গেও কথা বলেন। এ সময় তারা ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ধরেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন সোহেল। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে কেন্দ্রীয় যুবদলের বহিষ্কারাদেশ জারির পর বিষয়টি নিয়ে জেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970