অর্ধকোটি টাকা লুট, বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:১৩ পিএম

ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ অভিযোগে ক্ষুব্ধ ভুক্তভোগীরা অভিযুক্তকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাতে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় ১০ থেকে ১৫ জন ভুক্তভোগী অভিযুক্ত সোহেল রানাকে আটক করে মারধরের পর থানায় নিয়ে যান। সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

স্থানীয় সূত্র জানায়, সোহেল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে এলাকা ছেড়ে চলে যান। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবার ভাঙ্গুড়ায় ফিরে এসে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাঙ্গুড়া বাজার ও পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া, পাটুলিপাড়া, ভেড়ামারাসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করেন সোহেল।

তবে টাকা নেওয়ার সাত থেকে আট মাস পেরিয়ে গেলেও অধিকাংশ ভুক্তভোগী কোনো ধরনের সরকারি সুবিধা পাননি। এতে ক্ষুব্ধ হয়ে একদল ভুক্তভোগী শুক্রবার রাতে সোহেলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শনিবার ৩০ জন ভুক্তভোগী থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীদের একজন সোহেল জানান, সরকারি চালের কার্ড করে দেওয়ার কথা বলে এক বছর আগে তার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্ড পাননি। এ কারণে তিনি থানায় অভিযোগ করেছেন।

আরেক ভুক্তভোগী তায়জাল হোসেন বলেন, সরকারি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে সাত থেকে আট মাস আগে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়। লেনদেনের প্রমাণও তার কাছে রয়েছে, কিন্তু প্রতিশ্রুত সুবিধা তিনি এখনও পাননি।

এদিকে অভিযুক্তের স্ত্রী শিখা দাবি করেন, তার স্বামী প্রতারণার সঙ্গে জড়িত বলে অনেকেই জানেন। এরপরও মানুষ কেন টাকা দিয়েছেন, সে প্রশ্ন তুলে তিনি বলেন, এখন লোকজন টাকা ফেরত চাইছে এবং মারধর করছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন, সরকারি বিভিন্ন সুবিধা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুক্তভোগীরা থানায় লিখিত আবেদন করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট হওয়ায় তাদের প্রশাসনের কাছেও অভিযোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি তথ্য-উপাত্ত সংগ্রহ করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970